শরণখোলায় নানা বাড়ী বেড়াতে এসে বালতির পানিতে পড়ে সাফওয়ান নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ( ৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশুর মামা ইব্রাহীম হোসেন জানান, সকালে শিশু সাফওয়ানকে রেখে তার মা বাথরুমে যান। সেই ফাঁকে সাফওয়ান হামাগুড়ি দিয়ে রান্না ঘরে রাখা বালতির পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যুর বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
