হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে ভিনদেশি কন্ডিশনে ব্যাটিং নিয়েই বেশি কাজ করছে সফরকারীরা। নিউজিল্যান্ডের ডানেডিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ভোর ৪টায়।
তবে, এ লড়াইয়ে মাঠে নামার আগে বাংলাদেশকে ভোগাচ্ছে তাদের ব্যাটিং। আগের দুই ম্যাচের দুটিতেই টপ অর্ডারের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। আজ তাই পরাজয় এড়াতে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এ তাগিদটা টের পাচ্ছেন আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া ওপেনার তামিম ইকবাল।
গতকাল ডানেডিনে তিনি বলেছেন, ‘প্রথম ওয়ানডেতে পিচ ব্যাটিং উপযোগী ছিল। ব্যাটসম্যানরা পারেনি রান করতে। দ্বিতীয় ওয়ানডেতেও একই ভুল, তবে বৃষ্টি আর আবহাওয়ার কারণে সুবিধা পেয়েছে তারা। আমরা প্রথম ১০ ওভারে ওদের (নিউজিল্যান্ড) বেশি উইকেট দিয়েছি। সেটা আর করা যাবে না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়ের দুটিই এসেছে দেশের বাইরে। একটা আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে, অন্যটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে। সেই স্মৃতি মাথায় রেখে তামিম বলেন, ‘এমন নয় যে আমরা নিউজিল্যান্ডকে হারাইনি। এ টিমকেই কিন্তু ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে হারিয়েছি। আমাদের প্রথম লক্ষ্যই এখন ভালো ক্রিকেট খেলা; যেটা গত দুই ম্যাচে হয়নি।’
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে চোটের ধাক্কায় জর্জর বাংলাদেশ শিবির। দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম চোটে পড়েছেন। সিরিজে দলের সেরা ব্যাটসম্যান মিঠুন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। তৃতীয় ম্যাচে তার খেলা হচ্ছে না। পাঁজরের ব্যথায় ভোগা মুশফিকের খেলাও অনিশ্চিত। তাই তাদের বিকল্প হিসেবে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুমিনুল হককে। তাই স্বাভাবিকভাবেই ডানেডিনে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে।
আসন্ন ম্যাচে বাংলাদেশকে রেটিং পয়েন্টের কিছু হিসাব নিকাশও মাথায় রাখতে হবে। সিরিজ শুরুর আগে ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে ছিল বাংলাদেশ। সিরিজ হেরে যাওয়ায় দুই রেটিং পয়েন্ট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। রেটিং পয়েন্ট কমে ৯১-এ আসলেও তাতে র্যাংকিংয়ের কোনো হেরফের হয়নি দলটির। অন্যদিকে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট আরো এক কমে ৯০-এ নেমে আসবে। তবে, র্যাংকিং আগের মতো সাতই থাকবে। না বললেই নয় যে, সিরিজের শেষ ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তা হলে রেটিং পয়েন্ট দুই বেড়ে ৯৩ হবে বাংলাদেশের। ফলে, সিরিজ শুরুর অবস্থানে পৌঁছে যাবে তারা। আর নিউজিল্যান্ড হেরে গেলে র্যাংকিংয়ের তিন থেকে চারে নেমে আসবে।
