রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রমনার নিউ ইস্কাটন রোডের ওয়াসা পানির পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো. মুক্তার হোসেন, মোছাঃ সাবিনা, মোছাঃ বকুল বেগম, মোঃ ওমর সানী ও মোছাঃ পান্না আক্তার।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী এ তথ্য নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের নিকট তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ী নিউ ইস্কাটন রোডের ওয়াসা পানির পাম্প এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনাল টিম ৩১ অক্টোবর সন্ধ্যায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন মুক্তার, সাবিনা, বকুল বেগম, ওমর সানী ও পান্না আক্তার নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তখন তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই গাঁজা পরস্পর মিলে বি-বাড়ীয়া জেলা থেকে সংগ্রহ করে রাজধানীর রমনাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
ডিএমপির রমনা মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/কেএইচ
