ঢাকার বুড়িগঙ্গা নদীতে কামরাঙ্গীরচরের হুজুরঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় মা ও মেয়েসহ দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২ জন নিখোঁজ রয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া এ তথ্য জানিয়েছেন।
লাশ উদ্ধার হওয়া ২ জন হলো- রেখা (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮) এবং যে ২ জন নিখোঁজ রয়েছেন তারা হলো- শীতল (২৭) ও তার ছেলে শফিকুল (৭)।
ফায়ার সার্ভিস ও পুলিশের ভাষ্য, নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১০ জনই যাত্রী। হতাহত ব্যক্তিদের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর ও খোলামুড়া এলাকায়।

