বিয়ে, খেলাধুলা, পূজা পার্বণে ঢাক-ঢোল বাজিয়ে আয় রোজগার করে সংসার চালায় ঢুলি শিল্পীরা। কিন্তু নানা কারণে কাজ হারিয়ে তেঁতুলিয়ার ঢুলি শিল্পীরা এখন মানবেতর দিন কাটাচ্ছেন। বাধ্য হয়ে অনেকে অন্য পেশায় জড়িয়ে যাচ্ছেন। এতে ক্রমেই হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্পটি।
সরেজমিনে জানা যায়, উপজেলার দেবনগর ইউনিয়নের কালিয়ামনি গ্রামের ১৮টি সনাতন হিন্দু ধর্মালম্বি পরিবারের ঢুলিরা দীর্ঘকাল ধরে জীবন যাপন করছেন ঢোল বাদ্য ও সানাই বাজিয়ে। মাত্র সাড়ে আট শতক জমিতে ১৮টি পরিবারের প্রায় শতাধিক সদস্যের বসবাস।
ঢুলি দলের দলনেতা সুরেন্দ্রনাথ রায় জানান, আগে ভালো কাজ ছিলো। আমাদের কোন অভাব ছিলো না। কিন্তু সম্প্রতি কাজ কমে যাওয়া অনাহারেই দিন কাটছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস কে দোয়েল বলেন, কালের বিবর্তনে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবন প্রবাহ থমকে গেছে। এ ঐতিহ্য ধরে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, মাত্র সাড়ে ৮ শতক জমিতে ১৮টি পরিবারের বসবাস বিষয়টি আমি সরেজমিনে গিয়ে দেখেছি। বিষয়টি অত্যন্ত অমানবিক। সরকারিভাবে তাদের সব ধরনের সহায়তা করার চেষ্টা করবো।
