সাভার উপজেলার আশুলিয়ায় এক মাদক ব্যবসায়ী ও এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে আশুলিয়ার দোসাইদের পূর্বপাড়া এলাকায় ইয়াবা ব্যবসায়ী আবুল হাসেমের (২৮) লাশ একটি গাছে ঝুলতে দেখে এলাকাবাসী। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসার জের ধরে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখতে পারে প্রতিপক্ষরা। নিহত আবুল হাসেম ওই এলাকার নিজু মিয়ার ছেলে।
অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় জনৈক আলার বাড়ি থেকে শাকিলা (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিলা রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব নাজিরদহ গ্রামের নয়া মিয়ার মেয়ে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, কয়েক মাস আগে শাকিলার তলপেটে টিউমার ধরা পড়ে। কিন্তু পরিবারের অভাবের কারণে শাকিলাকে তার বাবা চাকরি দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসেন। গত কয়েকদিন যাবত্ শাকিলার পেটের ব্যথা বেড়ে যায়। পরে গতকাল দুপুরে ঘরে শাকিলার মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পেটের ব্যথা সহ্য করতে না পেরে হয়তো সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
