দীর্ঘ ২০ মাস পর ক্লাসে ফিরলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (০২ নভেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ক্লাস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, অনলাইনে ক্লাসে কোন আমেজ ছিল না। সশরীরে ক্লাস শুরু হওয়ায় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ২৭ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দিয়েছি। আজ থেকে ক্যাম্পাস খুলছে। সবাইকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে শ্রেণিকক্ষে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.আসাদুজ্জামান বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে এতদিন প্রাণহীন ক্যাম্পাসে দায়িত্ব পালন করে গেছি। যারা বিদ্যাপীঠের প্রাণ আজ থেকে তারাও ফিরবে। এ আনন্দ অসাধারণ। পাশাপাশি আবাসিক হলগুলোর অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। গতকালকে একটা মিটিংয়ে সকল বিভাগীয় প্রধানরা তাদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন। আশা রাখব স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরবে এবং জ্ঞানচর্চায় মনোনিবেশ করবে।
করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ৩ দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
