পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে গতকাল সোমবার এক সাংবাদিক বৈঠকে কাশ্মীরের পুলওয়ামার হামলার ঘটনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এত বড় ঘটনার পর নরেন্দ্র মোদী আর অমিত শাহ খালি ভাষণবাজি করে বেড়াচ্ছেন। এত বড় ঘটনার পরও কোনো দায়িত্ব পালন করেননি। নরেন্দ্র মোদী কেন পদত্যাগ করছেন না?
মমতা বলেন, পশ্চিমবাংলা সবচেয়ে শান্তিপ্রিয় রাজ্য। সব ধর্ম, বর্ণ, সমপ্রদায়কে নিয়ে একতার পরিবেশের মধ্যে কাজ করে বাংলা। ১০০ বছর আগের ঘটনাও যদি দেখা যায় তাহলে দেখবেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়ে বাংলায় রাখি বন্ধন করে সামপ্রদায়িক সমপ্রীতির সেতুবন্ধন করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার এই পরম্পরা চিরকাল ধরেই চলে আসছে।
তিনি বলেন, যখন কেন্দ্রীয় সরকারের কাছে খবর ছিল যে হামলা হতে পারে, তারপরও কেন ২৫০০ জওয়ানকে একই সঙ্গে ৭৮টা কনভয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হলো?? স্পর্শকাতর এলাকা দিয়েই বা কেন নিয়ে যাওয়া হলো জওয়ানদের। কাদের গাফিলতিতে মারা গেলেন এত জওয়ান? তিনি বলেন, সরকারের ইন্টেলিজেন্স ইনপুট তাই বলছে। আমার কাছেও সেই নথি আছে। আমি দেখাতে পারি।
তার আরও প্রশ্ন, ‘জওয়ানদের বিমান বা রেলপথে কেন নিয়ে যাওয়া হয়নি? প্রচারের জন্য এত অর্থ ব্যয় হয়, জওয়ানদের সুরক্ষায় কেন করা হয়নি।’
মমতা বলেন, গত দুইদিন ধরেই দেখছি ভারতের জাতীয় পতাকা হাতে রাত ১২টায় আরএসএসের কিছু প্রচারক বেরোচ্ছে। এই সামপ্রদায়িক সংগঠন, মানুষকে ঘৃণা করতে শেখায় তারা রাতে বেরিয়ে আতঙ্ক তৈরি করছে।’ মমতা বলেন, আমেরিকান ইন্টেলিজেন্স একমাস আগে সাবধান করে বলেছিল, নির্বাচনের আগে ভারতবর্ষে দাঙ্গা হবে।
