বুড়িগঙ্গায় আরো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪১

বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের দশম দিনে বুড়িগঙ্গা নদীর তীর থেকে আরো অবৈধ তিনতলা ও দ্বিতল ভবনসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, হাজারিবাগের বারৈখালি থেকে তুরাগ পয়েন্টে ও কেরানীগঞ্জের চর ওয়াশপুরে বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এনিয়ে ১০ দিনে ১৬৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ।

অভিযানকালে বসিলায় নদীর সীমানার মধ্যে না পড়লেও একতলা একটি বাড়ি ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা কারণ ছাড়াই বাড়ি ভেঙে ফেলায় ক্ষতি পূরণ দাবি করেছেন। সীমানা জটিলতার কারণে বসিলায় সকালে বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন— এ বিষয়ে তিনি অবগত নন। তবে এ ব্যাপারে ভিন্ন কথা জানান বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। পরে বারৈখালি ও কেরানীগঞ্জের চর ওয়াশপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি ১২তলা ভবনের কিছু অংশসহ ছোট-বড় প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়।