ইয়াবা পাচার মামলায় ৫ রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো নুরুল ইসলাম, রশিদ আহমদ, বায়তুল্লাহ, আবুল হোসেন ও সিরাজুল ইসলাম। তারা সবাই টেকনাফের লেদা অস্থায়ী শরণার্থী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ২২ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর একটি টিম টেকনাফের হ্নীলা বাস স্টেশনের জামাল মার্কেটের তৃতীয় তলায় ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ রোহিঙ্গা ইয়াবাকারবারিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যকের লুঙ্গির ভেতরে কোমরে বাঁধা অবস্থায় থাকা ৮ হাজার করে মোট ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক এস.এম শামসুল কবির বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সাজাপ্রাপ্ত সব আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া, মঈনুল আমিন, মোবারক হোসেন, নুরুল ইসলাম নুরু ও আবু হেনা মোস্তফা কামাল।
