নেতৃত্ব ও ব্যাটিং, দু'টোতেই দুর্দান্ত সময় কাটছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল ইতিমধ্যে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে। যেখানে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। চার ম্যাচ খেলে দুটি ফিফটি সহকারে রান প্রায় ২০০। এবার র্যাংকিংয়েও সেটির ফল পেলেন।
বুধবার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা হালনাগাদ করেছে আইসিসি। সেখানে ব্যাটার ক্যাটাগরিতে ইংল্যান্ডের ডেভিড মালানকে টপকে আবারও শীর্ষস্থানে ফিরে এসেছেন বাবর আজম। এ নিয়ে ষষ্ঠবারের মতো এই পজিশন দখল করলেন তিনি। ওয়ানডেতে আগে থেকেই শীর্ষে পাকিস্তান অধিনায়ক।
টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ৮৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজম। দ্বিতীয় স্থানে থাকা ডেভিড মালানের পয়েন্ট ৭৯৮। শীর্ষ দশে থাকা অন্যরা হলেন- অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৭৩৩), পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৭৩১), ভারতের বিরাট কোহলি (৭১৪), দক্ষিণ আফ্রিকার মার্করাম (৭১২), নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৬৯৮), ভারতের লোকেশ রাহুল (৬৭৮), ইংল্যান্ডের জস বাটলার (৬৭০) ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস (৬৬৫)।
ইত্তেফাক/টিএ
