এনামুলের ৫০১

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮:৩১

প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ায় ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল আর একটি শিকার। দ্বিতীয় ইনিংসে খুব বেশি দেরি করলেন না এনামুল হক জুনিয়র। বুধবার (৩ নভেম্বর) রংপুরের ওপেনার জাহিদ জাভেদকে ফিরিয়ে ৫০০ উইকেট পাওয়ার উল্লাসে মাতেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে এতোদিন এই কীর্তি ছিল কেবল আব্দুর রাজ্জাকের। সর্বোচ্চ ৬৩৪ উইকেট নিয়ে চলতি বছরের শুরুর দিকে ক্রিকেটকে বিদায় জানান সাবেক বাহাতি এই স্পিনার।

এনামুল অবশ্য ৫০০তেই থামেননি। আকবর আলিকে ফিরিয়ে সংখ্যাটা নিয়ে গেছেন ৫০১- এ। তবে সিলেটের হার আটকাতে পারেননি ৩৪ বছর বয়সী এই বাহাতি স্পিনার। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ১৪০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় রংপুর। ম্যাচ সেরা হয়েছেন সিলেটের দ্বিতীয় ইনিংসে ১৭০ রান করা অমিত হাসান।

সিলেটের আরেক ভেন্যুতে ঢাকাকে ইনিংস ও ২৭ রানে হারিয়েছে খুলনা। প্রথম ইনিংসে তাদের ৪১৯ রানের সংগ্রহ দুই ইনিংস খেলেও পাড়ি দিতে পারেনি ঢাকা। কক্সবাজারে ড্র হয়েছে বরিশাল ও রাজশাহীর মধ্যকার ম্যাচ। একই পরিণতি হয়েছে বিকেএসপিতে চট্টগ্রাম-ঢাকা মেট্রো ম্যাচেরও।

একনজরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি

উইকেট    ম্যাচ    বোলার
৬৩৪        ১৩৭    আব্দুর রাজ্জাক 
৫০১        ১১৩    এনামুল হক জুনিয়র
৩৯৩        ১৩২    মোহাম্মদ শরীফ
৩৯২        ১১২    মোশাররফ হোসেন র“বেল 
৩৬৯        ৯৪    সাকলায়েন সজীব

ইত্তেফাক/টিএ