মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৫

অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দেশটির এক আদালত মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ইয়ামিনকে আটক রাখার নির্দেশ দেয়। এছাড়া সরকারি কৌসুলি অভিযোগ করেছেন, সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার মামলা করা উচিত। কারণ তিনি সাক্ষ্য পরিবর্তনের বিনিময়ে একজন প্রত্যক্ষদর্শীকে ঘুষ দিতে চেয়েছেন। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রাজধানী মালের কাছে একটি রিমান্ড সেন্টারে ইয়ামিনকে নেওয়া হয়েছে। ৫৯ বছর বয়সী ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি অর্থ থেকে দশ লাখ ডলার চুরি করেছিলেন। এছাড়া একটি তহবিল থেকে বেশ কিছু অর্থ তিনি নিজের অ্যাকাউন্টে নিয়েছিলেন বলে অভিযোগ। -আল জাজিরা