ছয়তলা থেকে লাফিয়ে জঙ্গির আত্মহত্যার চেষ্টা!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৪

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ছয় তলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এক জঙ্গি। তার নাম শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ। সে নব্য  জেএমবির সদস্য বলে জানা গেছে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। বৈদ্যুতিক তারের ওপর বাড়ি খেয়ে নিচে পড়ায় তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসের মধ্যে এই ঘটনা ঘটে।

সিটিটিসি ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওই আসামি রিমান্ডে ছিল। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  সে দৌড়ে গিয়ে ছয় তলা ভবন থেকে লাফ দেয়। তার বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালানোর  চেষ্টার জন্য পুলিশ আইনের ২২৪ ধারায় আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

গত শুক্রবার সন্ধ্যায় ডেমরা এলাকা থেকে জঙ্গি  মিলাদকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন দুর্লভপুর এলাকায়।