শিকারির খাঁচা থেকে মুক্ত আকাশে ২০০ বক

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪:৪৬

শিকারির খাঁচা থেকে ২০০ বক উন্মুক্ত করে উড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিবেশকর্মীরা বিভিন্ন বিল থেকে বকগুলো উন্মুক্ত করেন। 

পরিবেশকর্মী নাজমুল হাসান, মনির হোসেন, মেহেদী হাসান তানিম জানান, শীত আসলেই পাখি শিকারিরা তৎপর হয়ে উঠেন। এভাবে নির্বিচারে পাখি শিকার করায় জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়ছে। এ কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা নিয়মিত পাখি উদ্ধার অভিযান চালাচ্ছেন। তারা পাখি উদ্ধারের পাশাপাশি ২৭টি পাখি শিকার করা ফাঁদ ভেঙে দিয়েছে। 

Gurudaspur

এরপর পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে পাখি শিকার বন্ধে উন্মুক্ত আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। সভায় সাংবাদিক মাজেম আলী মলিন, শিক্ষক ও প্রকৃতিপ্রেমী নাসরিন সুলতানা রুমা, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু বক্তৃতা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, প্রায় প্রতিদিনই ভোর ৪টা থেকে প্রত্যন্ত বিলে গিয়ে পাখি শিকার বন্ধে অভিযান চালানো হচ্ছে। পাখি উদ্ধারের পাশাপাশি শিকারিদের জরিমানার আওতায় আনা হচ্ছে। 

 

ইত্তেফাক/ইউবি