লন্ডনে ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সাথে বেসিসের চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১:৪৩

লন্ডনের ব্রিটিশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) লন্ডনের কুইন এলিজাবেথ আই আই সেন্টারে চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী দিনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বেসিসের পক্ষে সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবির ও বিসিএসের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস. লুসি আয়ারল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডন থেকে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ আলমাস কবির। ইত্তেফাক অনলাইনকে তিনি জানান এই চুক্তি অনুযায়ী বেসিসের বিআইটিএম ও ব্রিটিশ কম্পিউটার সোসাইটি মিলে একটা জয়েন্ট প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম করা হবে।  যেখানে বিভিন্ন আইটি বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

 লন্ডনের কুইন এলিজাবেথ আই আই সেন্টারে চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১

তিনি আরো বলেন, এই চুক্তির ফলে আমাদের আন্তর্জাতিক কোয়ালিফাইড এবং সার্টিফাইড ইঞ্জিনিয়ার বাড়বে। এছাড়াও আমাদের দেশের আইসিটি সেক্টরের উপরে গ্রাহকদের আস্থা আরো বাড়বে। যা তথ্যপ্রযুক্তিখাতে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে আরো উন্নীত করবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সৈয়দ আলমাস কবীর ছাড়াও পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ব্রিটিশ কম্পিউটার সোসাইটির  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকে