জয় দিয়ে ক্যারিবিয়ানদেরও বিদায় নিশ্চিত করলো শ্রীলঙ্কা

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০০:০৭

সমীকরণটা এমন ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা টিকে থাকতো ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে, আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদের। এমন সমীকরণ নিয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) মুখোমুখি হয় দুই দল। এটি শ্রীলঙ্কার পঞ্চম ও শেষ ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবিয়ানদের ২০ রানে হারিয়েছে লঙ্কানরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এর মধ্য দিয়ে গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর ক্যারিবিয়ানদেরও বিদায় নিশ্চিত হলো।

ক্যারিবিয়ানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন নিকোলাস পুরান

দলটির পক্ষে সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত ছিলেন শিমরন হেটমায়ার। ৫৪ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৪টি ছয় ও ৮টি চারের মার। কিন্তু দলের অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ জিতিয়ে উঠতে পারেননি তিনি। এছাড়া নিকোলাস পুরান করেছেন ৪৬ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্গের ঘরে পৌঁছাতে পারেননি।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও চামিকা করুণারাত্নে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন চামিরা ও শানাকা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলটির পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আসালাঙ্কা। এছাড়া নিসাঙ্কা ৫১, কুশাল পেরেরা ২৯ ও শানাকা ২৫ রান করেন। এতেই স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

ইত্তেফাক/টিএ