সেমিফাইনালে উঠার রাস্তাটা বেশ সহজ নিউজিল্যান্ডের জন্য। কিন্তু পা হড়কালেই বিপদ। তাই নামিবিয়া সহজ প্রতিপক্ষ হলেও তাদের নিয়ে বেশ সতর্ক কিউইরা। তার ওপর ফরম্যাটটা ২০ ওভারের। সেজন্য আটঘাট বেধেই আজ শারজাহতে নামবে কেন উইলিয়ামসনের দল।
তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২ এর তিনে আছে নিউজিল্যান্ড। আজ জিতলেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে তারা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরুর পর ঘুরে দাঁড়ায় ভারত ও স্কটল্যান্ডকে হারিয়ে। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত থাকলেও দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে ভুগতে হয়েছে কিউই বোলিং বিভাগকে। মার্টিন গাপটিলের ৯৩ রানের অসাধারণ ইনিংসটি না থাকলে জেতাটাই মুশকিল হয়ে যেত তাদের।
ম্যাচ শেষে উইলিয়ামসন তাই অকপটেই বলে ফেললেন, ‘বল হাতে আমরা বেমআনান ছিলাম তবে আমাদের উন্নতি প্রয়োজন। স্কটল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে খেলেছে এবং বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছে। আমাদের পরীক্ষা নেয়া হয়েছিল এবং আমাদের এর থেকে শিক্ষা নেয়া দরকার।’
দুবাই ও আবুধাবির তুলনায় শারজাহর উইকেট অনেকটা মন্থর গতির। কিউইদের প্রথম ম্যাচটা ছিল এখানেই। অন্যদিকে এখানেই আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার-১২ এ খেলার যোগ্যতা অর্জন করে নামিবিয়া। তাই অচেনা প্রতিপক্ষ যে ভয়ানক হতে পারে তা ভালোভাবেই আন্দাজ করছেন মিচেল সান্টনার।
গতকাল সংবাদ সম্মেলনা এই বাহাতি কিউই সিপনার বলেন, ‘তারা নিশ্চিত ভাবেই বিপজ্জনক দল। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। চারিদিকে অঘটন অপেক্ষা করছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। খুব বেশি দুর না তাকিয়ে অন্য ম্যাচের মতোই দেখতে হবে। আমরা দেখেছি শারজাহর উইকেট কৌশলী হতে পারে এবং যা দুই দলের জন্য সুবিধা বয়ে আনতে পারে। নামিবিয়া কিছু ভালো ক্রিকেট খেলেছে এবং উইকেট আমাদের কী উপহার দেয় তা নিয়ে আমাদের তৈরী থাকতে হবে।’
গ্রুপ ২ এর এখন পর্যন্ত কোনো দলেরই বিদায় ঘন্টা বাজেনি এখনো। তাই সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে নামিবিয়ারও। কিন্তু তাদের রানরেটের যা অবস্থা তাতে শেষ চারের স্বপ্ন না দেখাই ভাল। প্রথমবার খেলতে এসেই নামিবিয়ানরা যা ইতিহাস গড়েছে সেটাই বা মন্দ কীসে। তাই তো অলরাউন্ডার ডেভিড ভিজে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাটা আমার জন্য অসাধারণ ছিল । দারুণ এক অভিজ্ঞতা হল। নামিবিয়ার মতো প্রচুর প্রতিভা সমপন্ন, সম্ভাবনা ময় দলের সঙ্গে খেলাটা এবং সুপার ১২ এ উঠতে তাদের সহায়তা করতে পারাটা সত্যিই অসাধারন ছিল। আমরা জানি, নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ। তাদের বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। শারজায় আমাদের সাফল্য রয়েছে এবং এই উইকেট আমাদের বোলিংয়ের জন্য বেশ সহায়ক।’
