ব্যর্থতার বিশ্বকাপ শেষে দেশে ফিরছেন ক্রিকেটাররা

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬:৫৪

ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে একসঙ্গে নয়। দুই ভাগে ভাগ হয়ে দেশের বিমান ধরছেন তারা। আর ছুটি কাটাতে দুবাইয়ে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। ছুটিতে আছেন রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফরাও। তাদের সবার ফেরার কথা রয়েছে ১১ নভেম্বর।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম ভাগে ৭ জন ক্রিকেটার দেশের বিমান ধরেন। তারা হলেন শরিফুল ইসলাম, নাঈম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন ক্রিকেটারদের একাংশ

দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সকাল সাড়ে ১০টা ও বিকাল সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ, মুশফিকুর, লিটন ও তাসকিন থেকে যাচ্ছে। আর কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।’

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হার, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয়। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে পেতেও ধরা দেয়নি, হার ৩ রানে। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয়ে ৬ উইকেটে ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে ৮ উইকেটের বিশাল পরাজয় হয় বাংলাদেশের। 

 

ইত্তেফাক/এসআই