গাইবান্ধায় পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬:৫৫

ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে গাইবান্ধা জেলায় ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলায় বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। গাইবান্ধার সাথে সব রুটের ট্রাক-বাস, ট্যাংক লড়ি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ আছে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। 
 
সরেজমিন শুক্রবার সকালে গাইবান্ধা জেলার কোনো রুটে বাস ট্রাক চলাচল করতে দেখা যায়নি। গাইবান্ধা বাসষ্ট্যান্ড থেকে কোন বাস বা  ট্রাক ছাড়েনি। সড়কগুলো ফাঁকা রয়েছে। শুধু অটোরিক্সা ও রিক্সা ভ্যান চলেছে। 

সকালে গাইবান্ধা বাসটার্মিনালে আসা সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের আব্দুল জোব্বার আকন্দ জানান, বগুড়া যেতে তিনি বাসটার্মিনালে এসেছেন। কিন্তু এসে দেখেন বাস বন্ধ। ফলে তিনি দুর্ভোগে পড়েন। 

একই উপজেলার গড়েরমাঠ বাজারের ব্যবসায়ী আইনুল হক জানান, তিনি চিকিৎসার জন্য রংপুরে যেতেন। কিন্তু বাসটার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। আগে জানলে তিনি টার্মিনালে আসতেন না। 

দুপুরে গোবিন্দগঞ্জস্থ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেয়। তারই অংশ হিসেবে জেলায় পরিবহন ধর্মঘট চলছে। জেলা থেকে সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এটা অনির্দিষ্ট কালের জন্য ডাকা হয়েছে বলে তিনি জানান। গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল হোসেনও ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।   

ইত্তেফাক/ ইআ