পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার হোবার্টে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল স্বাগতিকদের। কিন্তু সেই ম্যাচটি আপাতত হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুক্রবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বোর্ডটি।
গত আগস্টে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় এসেছে উগ্রপন্থী তালেবান। এর পরই সব ধরনের খেলাধুলা থেকে নারীদের নিষিদ্ধ করে দিয়েছে গোষ্ঠিটি। তখনই এর প্রতিবাদ জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি টেস্ট ম্যাচটি বাতিলের হুুমকি দেয় এবং চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান পুরুষ টিম যেন খেলতে না পারে, সে জন্য আইসিসির প্রতি আহ্বান জানায় তারা। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ দাপটের সঙ্গেই খেলছে আফগানিস্তান।
কিন্তু এখনো নারীদের খেলাধুলার অনুমতি দেয়নি তালেবান সরকার। এ কারণে টেস্ট ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে শর্ত দিয়ে বলেছে, আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে আফগান নারীদের খেলার অনুমতি দিতে হবে। তাহলেই টেস্ট ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে। অন্যথায় বাতিল।
বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, ‘আফগানিস্তানসহ পুরো বিশ্বে নারী ও পুরুষ ক্রিকেটের উন্নয়নে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, টেস্ট ম্যাচটি স্থগিত করাই শ্রেয় মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’
পাশাপাশি এটাও বলেছে যে, নিকট ভবিষ্যতে আফগান নারী ও পুরুষ উভয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/টিএ
