বইমেলায় সুশীল সাহার ‘আমার বাংলাদেশ’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১

দেশান্তরিত কবি সুশীল সাহা অন্য দেশের পাসপোর্ট নিয়ে যেদিন প্রথম জন্মস্বদেশে এলেন। ‘আমার বাংলাদেশ’ স্মৃতিগ্রন্থে সেই মুহূর্তটির বর্ণনায় তিনি লিখলেন, ‘আজ আমি সীমান্ত পেরোব, দীর্ঘ ১০ বছর পরে যাব আমার জন্মভূমিতে! ভেতরে ভেতরে কী যে রোমাঞ্চ হচ্ছিল, সে কথা লিখে বোঝানো সম্ভব নয়। যথাসময়ে পাসপোর্টে ‘ডেপারচার’ সিলছাপ মারা হল। কাস্টমস ফর্মালিটিও হয়ে গেল। তেমন ভিড় ছিল না। আমি আমার ব্যাগপত্র নিয়ে এসে দাঁড়ালাম ‘নো ম্যান্স ল্যান্ডে’র প্রান্তসীমায়। দূরে দেখতে পাচ্ছি পতপত করে উড়ছে বাংলাদেশের পতাকা, এপারে ভারতের। আরেকটু হেঁটে গেলেই ওই তো আমার স্বদেশ, আরে, ওই তো দাঁড়িয়ে আছেন কায়কোবাদ স্যার! আমার দিকে হাত নাড়ছেন। কিন্তু আমার পা যেন চলছে না। কী হল আমার! এতদিন পরে এত বাধা কাটিয়ে স্বদেশে যাবার মুখে এ কী হল আমার! কেউ কেউ আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আমাকে অতিক্রম করে চলে গেল অবলীলায়। স্যার মনে হয় কিছুটা বুঝতে পেরেছিলেন। একটু এগিয়ে আমার কাছাকাছি এসে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, “কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?”

 

কবি সুশীল সাহার লেখা ‘আমার বাংলাদেশ’ বইটির উপরোক্ত ক্ষুদ্র অংশ যুক্ত প্রকাশনীর ফেসবুক পেজে তুলে দিয়েছেন শেখ ফিরোজ আহমদ। একজন কবি তার দেশে ফিরছেন অন্যদেশের পাসপোর্ট নিয়ে! কবির সেই বর্ণনা যেকোনো পাঠকেরই হূদয় ছুঁয়ে যাবে বলে আশা করাই যায়।

 

বইটি প্রকাশ করেছে যুক্ত প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

 

ইত্তেফাক/এএম