বসন্ত আসে, বসন্ত যায়। কিন্তু বিরাট কোহলির বসন্তটা এবার অন্যরকম। ২২ গজের পারফরম্যান্সটা ভালো হয়নি। তাই চাইলেও খুব বেশি উচ্ছাসে থাকতে পারছেন না। তার পরও মন্দ সময়ে বিরাটের পাশে থাকছেন সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার হতে শুরু করে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। রান মেশিন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সারা বিশ্বের ক্রিকেট খেলোয়াড় এবং অনুরাগীরা। প্রত্যেকেই কোহলিকে তার এই বিশেষ দিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
২০০৮ সালে অভিষেক হওয়ার পর থেকে, কোহলি জাতীয় দলের হয়ে ২৫৪টি ওডিআই, ৯৬টি টেস্ট এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে জানিয়েছে, ২৩,১৫৯ আন্তর্জাতিক রান এবং আরও বাড়ছে। অধিনায়ক এবং আধুনিক যুগের সেরা ব্যাটারদের একজন বলে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তারা। গোলাপি বলের টেস্টে তার দুর্দান্ত সেঞ্চুরি আবারও একবার দেখতে পাওয়ার আশাও প্রকাশ করেছেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স যেমনই হোক, স্ত্রী আনুশকা শর্মা ইনস্টাগ্রামে শুভেচ্ছার কথা লিখেছেন। আর সেটি এরই মধ্যে ভাইরাল। প্রিয় মানুষকে ভালবাসার জন্য আজ শব্দ সম্ভবত বাঁধ মানেনি আনুশকার। তবুও আবেগী পোস্টে বিরাটকে কিছু কথা জানালেন তিনি।
স্বামীর জন্য স্ত্রী ইনস্টাগ্রামে লিখলেন, ‘এই ছবিটার মতোই তোমার জীবনে কোনো ফিল্টারের প্রয়োজন নেই। তোমার ভেতরটা সততা আর ইস্পাত দিয়ে তৈরি। তোমার সাহস সন্দেহ শব্দটাকে চৌহদ্দিতে আসতে দেয় না, বরং তা ভুলিয়ে দেয়। আমি জানি তোমার মতো আর কেউ অন্ধকার থেকে ঘুরে দাঁড়াতে পারে না। তুমি প্রতিদিন একটু একটু করে ভালো হয়ে উঠতে জানো। কারণ, কোনো কিছু তোমাকে আটকে রাখতে পারে না। তুমি ভয়ডরহীন ভাবেই এগিয়ে যাও।’
আনুশকা আরও বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় এই ভাবে একে অপরের সঙ্গে কথা বলার মতো মানুষ নই। মাঝেমধ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তুমি ঠিক কতটা অসাধারণ। তারাই ভাগ্যবান যারা তোমাকে কাছ থেকে চেনে। সবকিছু আরও উজ্জ্বল ও আরও সুন্দর করে তোলার জন্য তোমাকে ধন্যবাদ।’
উত্তরে বিরাট লেখেন, ‘তুমিই আমার শক্তি, পথপ্রদর্শক। ঈশ্বরের কাছে প্রতিদিন কৃতজ্ঞ এক সঙ্গে থাকার জন্য। আমি তোমাকে ভালোবাসি।’
ইত্তেফাক/টিএ
