অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে রোহিতকে বেশি পছন্দ দ্রাবিড়ের

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২১:০৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনো আছে ভারত। কোচ রবি শাস্ত্রীর চাকুরির মেয়াদ না বাড়িয়ে নতুন কোচ রাহুল দ্রাবিড়ের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই। দ্রাবিড় অনেক আগে থেকেই ভারত নিয়ে ভাবছেন। বিরাট কোহলির পর সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের আর্মব্যান্ড রোহিত শর্মার হাতেই ওঠা উচিত। ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রথম পছন্দ অন্তত তেমনটাই।

দেশটির সংবাদমাধ্যমের খবর, কোচ হওয়ার পর সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল তাকে। জবাবে সোজাসাপ্টা রোহিতের নাম উল্লেখ করেন দ্রাবিড়। সাদা বলের ক্রিকেটে হিটম্যানের অভিজ্ঞতা দলের কাজে আসবে বলে মনে হয়েছে দ্রাবিড়ের। তার দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল। আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ২০ ওভারের ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন কোহলি। তবে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে তিনি অধিনায়কত্ব চালিয়ে যেতে চান। তাই দ্রুত টি-টোয়েন্টি দলের নেতা বেছে নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১৭ নভেম্বর।

কোহলিদের ‘হেডস্যার’ হিসেবে সেটাই দ্রাবিড়ের প্রথম চ্যালেঞ্জ। সম্ভবত সেটা মাথায় রেখেই সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অধিনায়ক নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড়কে। তার কথায় যা মনে হচ্ছে, কেবল টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ম্যাচের জন্যও নতুন অধিনায়ক বেছে নিতে চাইছে বোর্ড। মোদ্দা কথা, সাদা বলের ক্রিকেটে কোহলির ওপর আর ভরসা রাখতে পারছে না তারা। তাই দ্রাবিড়ের পছন্দকে গুরুত্ব দিয়ে রোহিতের হাতেই তুলে দেওয়া হতে পারে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব।

বর্তমান ভারতীয় দলের দুই নেতা, রোহিত শর্মা ও বিরাট কোহলি

দ্রাবিড় তার পরিকল্পনা নিয়ে কীভাবে এগিয়ে যেতে চান তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেখিয়েছেন। তাতে আগামী দিনে জাতীয় ক্রিকেট একাডেমির সম্পর্কেও পরিকল্পনা দিয়েছেন। জাতীয় দলের সঙ্গে একাডেমি কীভাবে যোগসূত্র বজায় রাখবে, সেই রূপরেখাও তুলে ধরেন। এছাড়া ইন্টারভিউয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানোর কথাও বলেন তিনি। একই সঙ্গে পরবর্তী ক্রিকেট প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রেও বাড়তি উদ্যোগ গ্রহণের প্রেসক্রিপশন দিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী।

ভারতীয় ক্রিকেটকে নতুন আদলে সাজাতে চান দ্রাবিড়। প্রধান কোচের পদে একমাত্র দ্রাবিড়ই আবেদন করেছিলেন। বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি দ্রাবিড়কে নিয়োগ দেয়। কিন্তু এখনো তার সাপোর্ট স্টাফ নেওয়া হয়নি।

রাহুল দ্রাবিড়

সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রাবিড় যাকে সমর্থন দিয়েছেন, সেই রোহিত শর্মা স্বাগত জানিয়েছেন নতুন কোচকে। হিটম্যান বলেন, ‘অন্য ভুমিকায় জাতীয় দলে ফিরে আসার জন্য রাহুল দ্রাবিড়কে অভিনন্দন। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তির সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় রয়েছি।’

সেই সুরে গলা মিলিয়েছেন সুনীল গাভাস্কারও। তিনি বলেছেন, ‘উন্নতির পথে থাকতে হবে ভারতীয় ক্রিকেটকে। দ্রাবিড়ের বিশাল অভিজ্ঞতা রয়েছে। ওর পরিশ্রমী মানসিকতা ও ক্রিকেটবোধ দলকে সমৃদ্ধ করবে। বিশ্বকাপ শেষ হলেই দায়িত্ব নেবে দ্রাবিড়। মনে হয়, এখন থেকেই নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনা শুরু করে দিয়েছে। তার জন্য শুভেচ্ছা রইলো।’

ইত্তেফাক/টিএ