চলে গেলেন প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরী

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১০:৩৬

চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত আলোকচিত্রী শ্রী প্রাণতোষ চৌধুরী। শুক্রবার (৫ নভেম্বর)  দিবাগত রাত সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রী প্রাণতোষ চৌধুরীর প্রয়াণে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাণতোষ চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রাণতোষ চৌধুরীর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

তিনি বলেন, সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার সময় থেকে আমৃত্যু সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন প্রাণতোষ চৌধুরী। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তিনি সবসময় যুক্ত ছিলেন।

শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সকাল ৯টার দিকে প্রয়াত প্রাণতোষ চৌধুরীর মরদেহ নেওয়া হবে স্থানীয় আনন্দময়ী কালী মন্দির প্রাঙ্গণে। সেখান থেকে নেওয়া হবে শহরের পূর্ব মেড্ডা শ্মশানে। সকাল ১১ টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন।

ইত্তেফাক/বিএএফ