তাদের নিয়ে পর্দায় আসছে ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৭:৩৫

ক্রিকেট খেলা নিয়ে এবার তৈরি হলো ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। নাটকটির গল্পের প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজের দলের খেলোয়াড় সেজেছিলেন ১১ জন অভিনেতা।

‘টিম ওয়েস্ট ইন্ডিজ’ নাটকে অভিনয় করবেন মারজুক রাসেল, চাষি আলম, হাসান মাসুদ, তানজিম হাসান, ওয়ালিউল হক, সামান্তা পারভেজ, পাভেল প্রমুখ।

নাটকটির নির্মাতা মাইদুল রাকিব গণমাধ্যমকে বলেন, ‘গ্রামে অনেক আগে থেকেই একটা রীতি চালু আছে, ফাইনালে উঠলেই বাইরে থেকে খেলোয়াড় আনতে হবে। কিন্তু যারা প্রথম থেকে খেলে ফাইনালে গেল, তাদের যদি উৎসাহ দেওয়া হয়, তাহলে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। সেই জায়গা থেকেই গল্পটা বলেছি।’

ছবি: সংগৃহীত

মাইদুল রাকিবের কথায়, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে নাটকে গল্প। ক্রিকেট খেলা ঘিরে বিভিন্ন সময় যে মজার ঘটনা ঘটে সেটাই কমেডি আকারে তুলে ধরা হয়েছে। আমাদের গল্পে একটি দলের নাম “টিম ওয়েস্ট ইন্ডিজ”। দলের সদস্যরা একসময় ওয়েস্ট ইন্ডিজ টিমের ভক্ত ছিলেন। সেই দলের খেলোয়াড়েরা ওয়েস্ট ইন্ডিজ টিমের আদলে সাজেন।’

এভাবে ওয়েস্ট ইন্ডিজের ১১ খেলোয়াড়ের চরিত্রে সেজেছেন ১১ অভিনেতা। সিফাত হোসেনের সংলাপে, নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। গত বুধবার নির্মাতা জানান, বরিশালের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। ডিসেম্বরে এটি আরটিভিতে প্রচারিত হবে।

ইত্তেফাক/বিএএফ