এশিয়ান আর্চারির আরও একটি আসর ঢাকায়

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২২:৪৬

যুক্তরাষ্ট্রে বিশ্ব আর্চারিতে গিয়ে বাংলাদেশের ভরাডুবি হয়েছিল। সেটা নিয়ে আক্ষেপ করলেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। নিজেই দুঃখ প্রকাশ করলেন। ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ঢাকায় শুরু হতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর। এ উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) একটি হোটেলে চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচণ করা হয়েছে। এর আগে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের জবাব দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল।

ঘরের মঞ্চে এবার এশিয়ান আর্চারি হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। অলিম্পিক গেমস আর্চারিতে লড়াই করা আর্চাররা আসবেন খেলতে। সেখানে বাংলাদেশের মূল লড়াইটা হবে কোরিয়ার বিপক্ষে। চপল বললেন, ‘আমাদের প্রতিপক্ষ কোরিয়ার আর্চারি ফেডারেশনের সভাপতি ইউসান চুং টোকিও অলিম্পিক গেমসে বলেছিলেন, আর্চারিতে বাংলাদেশ এতো ভালো পারফরম্যান্স করছে কীভাবে, রহস্য কি। যদিও আমরা তাদেরকে হারাতে পারিনি। তারপরও বাংলাদেশের খেলা কোরিয়ানদের কাঁপিয়ে দিয়েছে। এ কারণে কোরিয়ার সভাপতি বাংলাদেশে আসবেন। দেখতে চান আমরা কীভাবে কী আগাচ্ছি।’

কথা উঠেছিল গত মাসে যুক্তরাষ্ট্রে বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করতে যাওয়ার বিষয়। সাধারণ সম্পাদক জানিয়েছেন, ভিসা প্রস্তুতি এবং জটিলতায় খুব ঝামেলা ছিল। জটিলতা কাটিয়ে সময় স্বল্পতার কারণে সংবাদ সম্মেলন আয়োজনের সুযোগ ছিল না। এভাবেই খেলতে গিয়েছিলেন খেলোয়াড়রা। তীরধুনক হাতে দিয়া সিদ্দিকি, রোমান সানারা লড়াই করতে গিয়েছিলেন। আর্চারদের সামনে রেখে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম যুক্তরাষ্ট্র ভ্রমন করে এসেছেন। তাদের এই ভ্রমন খেলার উন্নয়নে কতোটা অবদান রাখলো? এমন প্রশ্নে চপল বললেন, ‘সেটা আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারবেন।’

বাংলাদেশ দলের আর্চারি কোচ জার্মানির মার্টিন ফ্রেডরিক জানিয়েছেন, তারা ভালো কিছু করার জন্য লড়াই করবেন। এতো সহজে কেউ ছাড় পাবেন না। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র হতে ফিরে এক মাসের প্রস্তুতিটা ভালো হয়েছে। ২০১৭ সালে যখন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হয় তখন আমরা চতুর্থ হয়েছিলাম। এবার আগের চেয়ে বেটার হবে।’ তিনি জানান জাতীয় দলে এবার রকিব এবং শ্রাবণী ঢুকছেন নতুন।

ভারত, ইরান, ইরাক, জর্ডান, কাজিখাস্তান, কোরিয়া, সৌদি আরব, কুয়েত, লেবানন, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন এবং বাংলাদেশ খেলবে ১৩-১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এবারের আসরে। কাতার নাম দিয়েও আসবে না। আর চায়নীজ তাইপে আগ্রহ দেখিয়েও পিছিয়ে গেছে কোভিডের কারণে। এই চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মোঃ মইনুল ইসলাম, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী, শেরাটন ঢাকা হোটেলের ক্লাস্টার জেনারেল ম্যানেজার ড্যানিয়াল জে মুহর এবং ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/টিএ