এশিয়ান আর্চারিতে পদক জয়ীদের ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ২০:২৯

পর্দা নেমেছে ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়শিপ। এবারের প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

এই তিন আর্চারের প্রত্যেককে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুরস্কার বিতরণী শেষে আসিফ মাহমুদ বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো ফ্যাসিলিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করবো। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও, অলিম্পিকে গোল্ড নেই আমাদের।’ 

আর্চারির মাধ্যমেই বাংলাদেশ অলিম্পিকে পদক পাবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা গোল্ড পাবো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছিলেন ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আর্চাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার। অন্য আর্চারদের পক্ষ থেকে বন্যা বলেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা এই খেলায় আরও বেশি মনোযোগী হতে পারবো। শুধু তাই নয়, অনেকেই হয়তো আর্চারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কার ঘোষণার কথা শুনে।’

ইত্তেফাক/জেডএইচ