কচুয়ায় নিখোঁজের দুইদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৭ নভেম্বর) সকালে নিজ বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
নিহত মেহেদী হাসান (২৫) মাধবকাঠি মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র ও টেংরাখালী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।
পরিবার সুত্রে জানাগেছে, শুক্রবার রাত ৮টার দিকে টেংরাখালী নতুন বাজার এলাকায় নিজের কম্পিউটারের দোকান থেকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পর তাকে না পাওয়ায় পরিবারের পক্ষথেকে শনিবার (৬ নভেম্বর) কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। রবিবার সকালে এলাকাবাসি মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি মনিরুল ইসলাম বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান এর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
