সাবেক ছাত্রলীগ নেতা হত্যা চেষ্টা মামলায় জামিন মেয়র মুজিবের

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০১:৪৯

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমএ মোনাফ সিকদারকে হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ (সদর) এর দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট জেরিন সুলতানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিযুক্ত মেয়র মুজিব।

শুনানী শেষে এ মামলার পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত কক্সবাজার বারের সভাপতি অ্যাডভোকেট আবুল আলা ছিদ্দিকী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কক্সবাজার বারের সদস্য অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বারের সদস্য অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরীর জিম্মায় মেয়রের জামিন মঞ্জুর করেন বিচারক। কোর্ট পুলিশ পরিদর্শক (কোট-ওসি) চন্দন কুমার চক্রবর্তী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়রের পক্ষে শুনানীতে আরো অংশ নেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপপী শর্মাসহ দলীয় অর্ধশতাধিক আইনজীবী।

তবে, বাদীর পক্ষে অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ ১২ জন আইনজীবী নিয়োগ করা থাকলেও রহস্যজনক কারণে জামিনের বিরোধীতার জন্য কেউ দাঁড়ায় নি। কোন প্রভাবে হয়তো তাদের কোর্টে না দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মামলার বাদি শাহজাহান সিকদার। তবে রাষ্ট্র পক্ষে কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জামিনের বিরোধীতা করেন।

এদিকে জামিন আদেশ পেয়ে আদালত প্রাঙ্গন থেকে বেরিয়ে কক্সবাজারের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ বদর মোকামে গিয়ে শোকরিয়া নামাজ আদায় করেন মেয়র মুজিব। এসময় তার অনুসারীরা সাথে ছিলেন। শোকরিয়া নামাজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে প্রচার করা হয়।

গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় শুটকি মার্কেটের সামনে মোনাফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। সেখানে মোনাফ কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। যে মার্কেটের সামনে মোনাফ আড্ডা দিচ্ছিলেন সেই জমি নিয়ে মেয়র মুজিব ও মোনাফের মাঝে বিরোধ চলছে। এ কারণে গুলি করার নির্দেশ দাতা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা করা হয়। ৩১ অক্টোবর মেয়র মুজিবসহ ৮জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন আহত মোনাফের বড় ভাই শাহজাহান সিকদার। এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোনাফ।

ইত্তেফাক/টিআর