মানুষের কল্যাণে কাজ করলে তথ্য লুকানোর প্রয়োজন নাই: ডিএমপি কমিশনার

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:০৩

মানুষের কল্যাণে যারা কাজ করে তাদের তথ্য লুকানোর প্রয়োজন নাই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। সোমবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্র্যাব-ওয়ালটন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আপনারা জানেন সরকার আমাকে আরও একবছরের জন্য নিয়োগ প্রদান করেছে। আরও ১ বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পুলিশ সদস্যরা দিন-রাত ২৪ ঘন্টা কাজ করার অংগীকার নিয়েই এই চাকরিতে এসেছি। আমাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা পরিষ্কার রাখতে চাই।

ডিএমপি কমিশনার বলেন, কোভিড-১৯ মহামারির সময় সম্মুখ সারির যুদ্ধা হিসেবে পুলিশ জীবন বাজি রেখে কাজ করেছে। ডাক্তাররা জীবন হাতে নিয়ে সেবা দেয়ার জন্য হাসপাতালে গিয়েছেন। কিন্তু আমরা প্রশংসায় কৃপণ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য বিভ্রাট রেখে কোন প্রকার সংবাদ প্রচার করা উচিৎ নয়। আমরা কল্যাণকর কাজ প্রচার করতে চাই।

একই সাথে করোনায় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “সবাই মিলেই আমরা এদেশের সেবা দিই। সশস্ত্র বাহিনীর সফলতার সাথে পুলিশের সফলতাও জড়ি”।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি(অপারেশন, প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) মোঃ হায়দার আলী খান, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ ইকবে জায়েদ,  ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ। 

ইত্তেফাক /কেএইচ