টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের। কাফ ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ডানহাতি এ ওপেনার। তার জায়গায় বদলি হিসেবে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স।
আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সোমবার (৮ নভেম্বর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে জেসন রয়ের বদলি হিসেবে ভিন্সের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।
গত ৬ নভেম্বর শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন জেসন রয়। ২০ রান করে অবসরে যেতে হয় তাকে। বিশ্বকাপে ৫ ম্যাচে ১২৩ রান করেছেন তিনি। যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। যা বাংলাদেশের বিপক্ষেই করেছিলেন তিনি। ৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেমিফাইনাল তথা নকআউট পর্বে জেসন রয়কে আর পাচ্ছে না ইংল্যান্ড। ভিন্সও টপঅর্ডার ব্যাটার। ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ১৯ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আগামী বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই দলই সুপার টুয়েলভ পর্বে চারটি করে ম্যাচ জিতেছে। গ্রুপ-১ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আর গ্রুপ-২ থেকে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ নভেম্বর পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ নভেম্বর মাঠে গড়াবে বিশ্বকাপের ফাইনাল।
ইত্তেফাক/টিএ
