ফুড সেফটি ম্যানেজমেন্ট

লক্ষ্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫

খাদ্য উত্পাদনের পাশাপাশি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ’ চালু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। খাদ্য উত্পাদন থেকে ভোক্তা পর্যন্ত খাদ্য নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে বাকৃবিতে ৩০ জন শিক্ষার্থী নিয়ে কৃষি অনুষদের অধীনে চালু করা হয়েছে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ’। বাকৃবির কৃষি অনুষদের অধীনে ওই শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের খাদ্য নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো নিয়ে ফুড সেফটি ম্যানেজমেন্টের নতুন কোর্সগুলো সাজানো হয়েছে। প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের জন্য ১৩টি কোর্স নির্ধারণ করা হয়েছে। ১৩টি কোর্সের মাঝে সাতটি তত্ত্বীয় এবং ছয়টি ব্যবহারিক। এছাড়াও চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারে ছয় মাসের জন্য মাঠ পর্যায়ে শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাবে। বিভিন্ন অনুষদের মোট ১৪ জন শিক্ষক ক্লাস পরিচালনা করছেন। চার বছরের পাঠপরিকল্পনা পুনর্গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরকে দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরবর্তীতে বিভাগটাকে অনুষদ রূপ দেওয়ার প্রক্রিয়াও চলছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের করিম ভবনে কৃষি অনুষদের আওতাধীন পদার্থ বিজ্ঞান বিভাগের নাম পরিবর্তন করে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ’ নামকরণ করা হয় এবং সেখানেই শ্রেণির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের বোর্ড-অব-স্টাডিজ এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান এবং সদস্য অধ্যাপক ড. খায়রুল হসান ভূঞা। স্নাতক ডিগ্রি পাওয়ার পরে শিক্ষার্থীদের চাকরির জন্যও প্রচুর ক্ষেত্র তৈরি হচ্ছে। খাদ্য নিরাপত্তা বিধানের জন্য এ বছর ১৩৬৭টি শূন্য আসন দিয়ে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সরকারি চাকরি ছাড়াও দেশে ও বিদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে ফুড সেফটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের।

ফুড সেফটি ম্যানেজমেন্টের প্রথমবর্ষের শিক্ষার্থী মোঃ শামসুল আরেফিন ফাগুন বলেন, ফুড সেফটি ম্যাসেজমেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের খাদ্য নিরাপত্তা বিষয়ক কোর্সগুলো পড়ানো হয়। মনে হয় যেনো এক ডিপার্টমেন্টে পড়ে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদেই পড়ার স্বাদ পাচ্ছি। আর পড়াশুনাগুলোও দারুণ মজার। নতুন ডিপার্টমেন্ট দেখে প্রথমে ভেবেছিলাম রি-অ্যাড দিব। কিন্তু ফুড সেফটি ম্যানেজমেন্ট এর পড়াশুনা এতটাই ভালো লেগেছে যে আমাদের অনেকেই       রি-অ্যাড দেওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। ভবিষ্যত্ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাকৃবির ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেই আশা করছি।