প্রথমবারের মত বাংলা গানের জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিনের একক কনসার্ট অনুষ্ঠিত হলো নিউইয়র্কে। দীর্ঘদিন পর রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের ফ্ল্যাশিং মেডোর কুইন্স থিয়েটারে অনুষ্ঠিত কনসার্টে সাবিনা ইয়াসমিনের গানে আবারো মুগ্ধ নিউইয়র্কে তাঁর ভক্ত-শ্রোতারা। এর আগে তিনি নিউইয়র্কের ইয়র্ক কলেজ অডিটরিয়ামে বাংলাদেশের আরেকজন জীবন্ত কিংবদন্তী শিল্পী রুনা লায়লার সঙ্গে গান গেয়েছেন।
শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি) সাবিনা ইয়াসমিসের কনসার্টের আয়োজক ছিল। এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে প্রিয় শিল্পীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন প্রবাসের বিশিষ্টজনেরা।
এসএমপি’র কর্ণধার আলমগীর খান আলম জানান, নিউইয়র্কে সাবিনা ইয়াসমিনের গানের অগণিত ভক্ত রয়েছে। তাদের কথা বিবেচনায় রেখে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন তার নিজের ও ভক্তদের অনুরোধে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। প্রিয় শিল্পীর গান শুনতে কুইন্স থিয়েটারে ছিল উপচেপড়া ভিড়।
এদিকে নিউইয়র্কে শোটাইম মিউজিকের নিয়মিত আয়োজন ঢালিউড অ্যাওয়ার্ডের আসর বসছে আগামী ৪ ডিসেম্বর শনিবার। এদিন নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুড়া হলে বর্ণাঢ্য এ আয়োজনে থাকবে নানান চমক। আলমগীর খান আলম জানান, এই প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিচ্ছেন। এছাড়াও আসছেন কাবিলা খ্যাত জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল হক পলাশ।
