সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রাকৃতিক সৌন্দের্যে ভরপুর ছবির মতো গ্রাম। উপজেলার অধিকাংশ অধিবাসী প্রবাসী। এখানে গ্রামের ভিতর বিশাল বিশাল অট্টালিকা শোভা পাচ্ছে। কিন্তু স্বাস্থ্য সেবা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। বিশেষ করে মহিলা বা কিশোরীরা নানা জটিল রোগে ভুগছেন। সচেতনতার অভাবে অকালে ঝরে যাচ্ছে অনেক প্রাণ। বিয়ানীবাজার উপজেলাসহ সিলেটের নানা স্থানে নারী-কিশোরীরা নানা ধরনের ক্যান্সার, পুষ্টিহীনতাসহ নানা রোগ শোকে কাতর। মহিলা ও কিশোরীরা পুষ্টিহীনতাসহ জরায়ু ও স্তন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি নিয়ে বছরে পর বছর ভুগছেন। অনেক ক্ষেত্রে লজ্জা বা সচেতনতার অভাবে চিকিত্সকের কাছে ভিড়ছেন না। আর যখন চিকিত্সকের কাছে যান তখন আর চিকিত্সকের কিছুই করার থাকে না। অথচ সময়মত রোগটি ধরা পড়লে আক্রান্তরা নতুন জীবন পেতেন।
চিকিত্সা ক্ষেত্রে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছে ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল’। গত চার বছর থেকে এ হাসপাতালটি অন্যান্য রোগেরও সেবা দিয়ে যাচ্ছে। নির্ভৃত পল্লীতে গত ৪ বছর থেকে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সুবাদে এখন ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বহির্বিশ্বের বিশেষজ্ঞ চিকিত্সকদেরও দৃষ্টি কেড়েছে। তারা খুশি হয়ে এ হাসপাতালকে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন। সময়মত রোগ নির্ণয় ও রোগীকে সঠিক পরামর্শ দেয়ার কাজটি করে যাচ্ছে এ হাসপাতাল।
সম্প্রতি প্রত্যন্ত বিয়ানীবাজার ‘ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে’র সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিডনি ও ক্যান্সার বিশেষজ্ঞরা। নিউইয়র্ক মেডিকেল কলেজের চিফ অব ইউরোলজির প্রফেসর মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী, আমেরিকার ড্রেক্সেল মেডিকেল ইউনিভার্সিটির মেডিসিন, কিডনি ও হাইপার টেনশন বিশেষজ্ঞ প্রফেসর ডা. জিয়া উদ্দিন আহমেদ, ক্যান্সার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডিউক মেডিকেল ইউনিভার্সিটি ও ডিউক ক্যান্সার নেটওয়ার্ক, আমেরিকা-এর ডা. মালেকা জেড আহমেদ, ক্যান্সার কো-অর্ডিনেটর আমেরিকান ক্যান্সার সোসাইটির মাহসিন রশিদ চৌধুরী, সিনিয়র রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট, নর্থ ক্যারোলিনা-এর মীর এ হাকিম হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রফেসর মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী নিউয়র্ক মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত করে এ হাসপাতালের সেবাকে আরো এগিয়ে নেয়ার চেষ্টা করবেন বলে জানান।
