ভালো আছেন নাইম

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২০:১৮

নব্বই দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাঈম গত সপ্তাহে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর গত ৬ নভেম্বর রাতে হয়েছে তার বাইপাস সার্জারি। এখন বেশ ভালো আছেন তিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলছেন।

নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ গণমাধ্যমকে জানান, ‌নাঈম এখন সুস্থ আছেন। তার সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। নাঈম দেশবাসী, তার ভক্ত এবং যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাঈম ও শাবনাজ। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন এই অভিনেতা। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও অনেক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন।

ইত্তেফাক/বিএএফ