যুক্তরাজ্যের ব্রেকন বিকন্স পর্বত এলাকায় পড়ে যাওয়া অভিযাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার (৬ নভেম্বর) পা পিছলে পড়ে যাওয়া ওই অভিযাত্রীকে প্রায় ৫৩ ঘণ্টার চেষ্টার পর গতকাল উদ্ধার করা হয়। খবর যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসি।
পিছলে পড়ে যাওয়ার পর শরীরে গুরুতর আঘাত পাওয়ায় গুহা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না ওই অভিযাত্রী। পরে সাথে থাকা অন্য অভিযাত্রী পুলিশকে খবর দেন। উদ্ধারকারীরা এলেও আহত অভিযাত্রীকে বের করতে হিমশিম খাওয়ায় অনেক স্বেচ্ছাসেবকরাও উদ্ধারে অংশগ্রহণ করেন। অবশেষে উদ্ধার হলে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্ধারকারীরা।
উদ্ধারকারীদের একজন জানান, আহত ব্যক্তি অভিজ্ঞ ও দক্ষ গুহা অভিযাত্রী। পায়ের নিচ থেকে কিছু সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া পড়ে যাওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের কয়েক জায়গায় আঘাতও লেগেছে বলে জানান তিনি।
কুয়াশা থাকায় এয়ার অ্যাম্বুলেন্সে আসতে না পারায় উদ্ধারের পর আহত ওই অভিযাত্রীকে স্ট্রেচারে করে নামিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হয়। তবে দীর্ঘ সময় আটকে থাকলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে বলে জানিয়েছেন জরুরি সেবা সমন্বয়কারী কর্মকর্তা।
ওয়েলসের গুহায় সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান ছিল এটি। অভিযানে যারা অংশ নিয়েছিলেন, তারা সবাই আন্তর্জাতিকভাবে স্বনামধন্য। অনেকে নর্থ ইয়র্কশায়ারের মতো দূরবর্তী এলাকা থেকেও এসেছেন। কেউ কেউ আবার ২০১৮ সালে থাই গুহায় আটকে পড়াদের উদ্ধার অভিযানেও অংশ নিয়েছিলেন।
