তাদের ‘ফাঁপরবাজি’

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:১১

একঝাঁক তরুণ-তরুণী নিয়ে নির্মাণ হচ্ছে নাটক ‘ফাঁপরবাজি’। মূলত ব্যাচেলর ছেলে-মেয়েদের জীবনের নানান বিষয় উঠে এসেছে এই নাটকে। সম্প্রতি উত্তরায় বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এটির শুটিং। মো. রায়হান রনির চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু।

মূলত, ব্যাচেলর ছেলেরা সারা ঢাকা শহর চষে ফেলেছে ইতঃপূর্বে ব্যাচেলর বাসা ভাড়া নেওয়ার জন্য। হন্যে হয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বাড়িওয়ালা শাহিন মৃধার বাড়িই জুটে যায় এই তাদের কপালে। তবে শুধু এতটুকু হলেই চলতো। কিন্তু এখানেই ক্ষান্ত হয়নি তাদের জীবন। এরপর শুরু হয়ে যায় আরেক কাণ্ড যা সবার জীবনে নিয়ে আসে এক নতুন মোড়!

ফাঁপরবাজি

একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে ছেলে ও মেয়ে ব্যাচেলর টিমের মুখোমুখি দেখা হয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কারণে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়। শুরু হয় বিপত্তি। নিজেদের মাঝে লেগে থাকে সারাক্ষণ ঝগড়া। চুন থেকে পান খসলেই একজন আরেকজনের উপর চড়াও হয়ে যায়। ব্যাপারটা গড়িয়ে চলে যায় বাড়িওয়ালা অবধি।উভয় দলই একে অন্যের বিরুদ্ধে বাড়িওয়ালার কাছে করতে থাকে অভিযোগ। এদিকে বাড়িওয়ালা পড়ে যায় মহাবিপদে!

তাদের বিরোধ এতটাই গাঢ় হয়ে উঠে যে শুরু হয়ে যায় এক দলের আরেক দলকে বাসা থেকে বের করার প্রচেষ্টা। আর এজন্য তারা নানান কৌশল অবলম্বন করতে থাকে। তারপর থেকে শুরু হয় তাদের মেয়ে ব্যাচেলর টিম ভার্সেস ছেলে ব্যাচেলর টিমের ‘ফাঁপরবাজি’। তবে কেউ যে কারও থেকে কম নয় এখানে। এমন গল্পে এগোবে ‘ফাঁপরবাজি’।

ফাঁপরবাজি

এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুন আহমেদ, আরফিন জুনায়েদ, জয় আহমেদ, রতন রহমান, জেবা জান্নাত, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো-সহ আরও অনেকে।

নির্মাতা আতিফ আসলাম বাবলু বলেন, একঝাঁক তরুণ-তরুণী নিয়ে ‘ফাঁপরবাজি’ নির্মাণ হতে যাচ্ছে। নাটকটির গল্প অসাধারণ। গত ৯ নভেম্বর রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ফাঁপরবাজি’ নাটকটি প্রচার হবে।

ইত্তেফাক/বিএএফ