ভারতের উত্তর প্রদেশের মধ্যবিত্ত ঘরের মেয়ে অরুণিমা সিনহা। যিনি ট্রেন দুর্ঘটনায় ডান পা হারিয়েছিলেন। কিন্তু ভেঙে পড়েননি। কৃত্রিম অর্থাত্ যান্ত্রিক পা লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। একে একে জয় করেছেন বিশ্বের সুউচ্চ সব পর্বতশৃঙ্গ। সেই সঙ্গে অর্জন করেছেন রাষ্ট্রীয় পদকসহ বিভিন্ন সম্মাননা। এ বছরের ৪ জানুয়ারি অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনশন জয় করে সামিট কমপ্লিট করেছেন।
ঘটনার শুরু ২০১১ সালের ১১ এপ্রিল। ইন্ডিয়ার উত্তর প্রদেশের মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরুণিমা সিনহা লাক্ষৌ থেকে দিল্লি যাওয়ার ট্রেনে উঠেছিলেন। ২৩ বছরের মেয়েটা ততদিনে জাতীয় ভলিবলে চ্যাম্পিয়ন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন তিনি। তার গলায় থাকা ছোট্ট সোনার চেইনটাই যে তার জীবনকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে সেটা তখন কল্পনাও করেননি। সেই ট্রেনেই ওত্ পেতে থাকা একদল ডাকাতের নজর পড়ে তার চেইনটার ওপর। চেইন দিতে না চাইলে ডাকাত দল জোর করে ছিনিয়ে নেয় আর অরুণিমাকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। তিনি ছিটকে গিয়ে পড়েন পাশের রেল লাইনের ওপর। আর এতেই যেন জীবনের সব স্বপ্ন-আশা ধুলোয় মিশে যায়। যে রেল লাইনের ওপর তিনি পড়েছিলেন, মুহূর্তেই সেই লাইন দিয়ে অতিক্রম করে এক দ্রুত গতির ট্রেন। তখন ডান পা হারান তিনি। কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো সেদিন ট্রেন তার পা ছিনিয়ে নিলেও তার মনোবল ছিনিয়ে নিতে পারেনি। আর তাই তো পা-হীন অরুণিমা একমাত্র মনের জোরেই সিদ্ধান্ত নিতে পেরেছিলেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলোতে আরোহণ করার। অনেক কষ্টে স্পন্সর জোগাড় করে কৃত্তিম পা লাগানো অরুণিমা হাঁটতে থাকেন মৃত্যুর হাতছানি ঘেরা পর্বতের পথে পথে। এখানেও অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয় তাকে। কিন্তু দমে যাননি। সকল বাধা অতিক্রম করে একে একে জয় করে ফেলেন মাউন্ট এভারেস্ট, ক্লিমাঞ্জারোসহ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো। সর্বশেষ গত ৪ জানুয়ারি তিনি অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনশন জয়ের মধ্য দিয়ে একমাত্র প্রতিবন্ধী বা পঙ্গু নারী হয়ে পৃথিবীর সকল পর্বতশৃঙ্গে আরোহণের বিশ্ব রেকর্ড গড়েন।
তিনি যখন মাউন্ট ভিনশনের চূড়ায় আরোহণ করছিলেন, তখন তার সঙ্গে থাকা অক্সিজেন প্রায় শেষ হয়ে আসছিল। তখন তিনি তার অনুভূতির কথা অর্থাত্ বার্তা শেরপা এবং তার সহযাত্রীদের জানিয়ে অনুরোধ করেছিলেন, মাউন্ট ভিনশনের সর্বোচ্চ চূড়া জয়ের ছবি এবং ভিডিও তার দেশের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। যাতে, তিনি যদি পর্বত থেকে নামার সময় তার ফুরিয়ে যাওয়া অক্সিজেনের কারণে মারাও যান তাহলেও যেন তার দেশ তথা বিশ্ব জানতে পারে পা-হীন অরুণিমা সিনহা একমাত্র মনের জোরেই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে সক্ষম হয়েছিলেন।
