নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর শিশু রাসেলকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। রাসেল ছিলো পরিবারের মধ্যমণি, বাবা-মা-ভাই-বোনদের আদরের ধন। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের নেপথ্যের গড ফাদার।
আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে রংপুর টাউন হলে বঙ্গবন্ধুর সব কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশে গুম হত্যার রাজনীতি শুরু করেন। ১৯৭৫ সালের পর দেশে জয়বাংলা শ্লোগান নিষিদ্ধ করা হয়েছিলো। এই জয় বাংলা বলতে গিয়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহবুবকে গুম করা হয়েছিলো জিয়াউর রহমানের নির্দেশে।
বিশেষ অতিথির বক্তৃতায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব একুশে টিভির পরিচালক কেএম শহিদুল্লা বলেন, জাতির জাতির জনক বঙ্গবন্ধুর আদরের ধন সর্বকনিষ্ঠ সন্তান রাসেলকে অত্যন্ত ভালোবাসতেন। খুনিরা ভেবেছিলো রাসেলকে বাঁচিয়ে রাখলে তাদের পরিণতি ভয়াবহ হতে পারে। সে জন্য তাকে নিষ্ঠুরভাবে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার রুহুল আমিন , সিরাজুল ইসলাম মোল্লা সংগঠনের নেতা সুমন, কণ্ঠ শিল্পী অন্তর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সম্পাদক রেজাউল করিম রাজু মহানগর সভাপতি শাফিয়ার রহমান সম্পাদক তুষার কান্তি মন্ডল। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারাদেশের মতো রংপুর বিভাগে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগের ৮ জেলা থেকে বিপুল সংখ্যক শিশু ও কিশোর-কিশোরী এতে অংশ নেয়।
