লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর আগামী ৪ ডিসেম্বর শুরু হবে। অংশ নেবে পাঁচটি দল। তারা হচ্ছে- জাফনা স্ট্যালিয়ন্স, ডাম্বুলা ভাইকিং, কলম্বো কিংস, কলম্বো স্টার্স, ক্যান্ডি ওয়ারিয়র্স। মোট ম্যাচ হবে ২৪টি।
দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন ও বাঁহাতি পেসার মেহেদি হাসান রানাকে দলে টেনেছে দুটি দল। ড্রাফটে অবশ্য বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন, ইমরুল কায়েস ও ইবাদত হোসেনের নামও ছিল।
কলম্বো স্টার্স দলে নিয়েছে তাসকিন ও পেসার আল-আমিন হোসেনকে। মিঠুন, নাজমুল অপু ও মেহেদি হাসান রানা আছেন ক্যান্ডি ওয়ারিয়র্স দলে। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নেই তাদের কারোই। তরুণ পেসার মেহেদি হাসান রানার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। ২৭ টি-টোয়েন্টিতে তার শিকার ৩৯। সর্বশেষ বিপিএলে ১০ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট।
এলপিএলের এবারের আসরে খেলবেন এমন তারকা বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ক্রিস গেইল, ফাফ দু প্লেসিস, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, ইমরান তাহির, তাবরাইজ শামসি, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ। লঙ্কানদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমালরা নেই এবার।
জাতীয় দলের সিরিজ থাকায় তাসকিন আহমেদের খেলা হবে না এলপিএলে। বিসিবির ছাড়পত্র পেলে বাকি চারজন খেলতে পারবেন লঙ্কান এই লিগে।
ইত্তেফাক/টিএ
