কোহলিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বাবর

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির। এই ফরম্যাটে ভারতের সাবেক অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে যেতে ৫৬ রান প্রয়োজন ইনফর্ম পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

২০১৪ বিশ্বকাপে ৬ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩১৯ রান করেছিলেন কোহলি। কোহলিকে পেছনে ফেলতে ৫৬ রান দরকার বাবরের। বর্তমানে যে ফর্মে আছেন বাবর, তাতে ৫৬ রান খুব কঠিন নয় বাবরের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর।

চলমান বিশ্বকাপে ৫ ইনিংসের চারটিতে হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। রান করেছেন ২৬৪। ব্যাট হাতে যে গতিতে রান তুলছেন, তাতে কোহলিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

বিরাট কোহলি ও বাবার আজম।

এক আসরে সর্বোচ্চ রানের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালে ৭ ইনিংসে ৩১৭ রান করেছিলেন তিনি।

ইত্তেফাক/এমআর