অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ সড়ক সচিবের

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:০৪

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের কোন গ্রহণ যোগ্য প্রমান মিললে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও সংলগ্ন সড়কে বাসে অতিরিক্ত ভাড়া আদায় পরিস্থিতি দেখে এ নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

তিনি আজ হঠাৎ হাজির হন মহাখালি বাস টার্মিনাল এলাকায়। সেখানে চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিস্থিতি দেখেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদারের তাগিদ দেন।

অবস্থানকালে মহাখালি বাস টার্মিনালে সড়ক সচিব দূরপাল্লার বিভিন্ন বিভিন্ন বাসে ও কাউন্টারে গিয়ে পরিস্থিতি দেখেন। দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করা হচ্ছে বলে তিনি জানতে পারেন। কিন্তু মহাখালি বাস টার্মিনাল সংলগ্ন সড়কে বিভিন্ন সিটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পান তিনি।

সেখানে বিআরটিএ র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল। আদালত পরিচালনা হচ্ছিল বিআরটিএর নির্বাহী হাকিম সাজিদ আনোয়ারের নেতৃত্বে। সড়ক সচিব তখন অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান জোরদার করার নির্দেশ দেন। এসময় সচিব যাত্রীদের আশ্বস্ত করে বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেবে।

ইত্তেফাক/কেএইচ