দরবেশ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:৪৬

বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বহুমাত্রিক চরিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার আসছেন ‘দরবেশ’ তিনি। শাহ আলম নূরের রচনায় ও এইচ এম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আগামী ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে আটটায় প্রচার হবে নাটক ‘দরবেশ’। এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।

মূলত, এ দরবেশ কোনো সাধারণ দরবেশ নন! কুরআনের দরবেশ! যিনি কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্যে। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গড়ছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কুরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাম্য মাতবর! তার সঙ্গে ক্ষিপ্ত হয় ভণ্ড পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রুস্তম দরবেশের দেওয়া মায়ের ভাষায় কুরআন বুঝতে শেখে। এছাড়া গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কুরআন বোঝাতে।

দরবেশ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কোরআনের বাণী প্রচারে নিয়োজিত হয়। তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব! কিন্তু এ দ্বন্দ্বের শেষ কোথায়?

দরবেশ নাটকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বান প্রমুখ।

 

ইত্তেফাক/ইত্তেফাক