বন্ধুত্ব ও প্রেম পেরিয়ে ২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও পিয়া রায়। ৬ বছরের দাম্পত্য সম্পর্ক এবার মোড় নিলো বিচ্ছেদে। ঘটা করে যৌথ বিবৃতিতে বিবাহচ্ছেদের খবর জানালেন দুজনেই।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) টুইটারে এক আনুষ্ঠানিক যৌথ-বার্তার মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা সারেন অনুপম-পিয়া।
যেখানে স্পষ্ট করে জানান, বিয়ে ভাঙলেও বন্ধুত্বের সম্পর্কটা অটুট থাকবে তাদের। যেমনটা জানিয়েছিলেন আমির-কিরণ। অনুপম-পিয়া লেখেন, ‘আমরা দুজনে পারস্পরিক সম্মতিতে বিয়ের সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার নিজেদের পথে চলবো বন্ধু হিসাবে।’
তাদের কথায়, ‘একসঙ্গে আমাদের এই সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমরা ঠিক করেছি স্বামী-স্ত্রী হিসাবে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা ঠিক আগের মতোই পরস্পরের খুব কাছের বন্ধু থাকবো, যেমনটা আমরা আগে থেকেই ছিলাম এবং পরস্পরের ভালো-মন্দটা দেখবার জন্য সবসময় তৈরি থাকবো।’
তারা জানান, ‘আমরা পরিবার, পরিজন ও বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ এই সফরের প্রতিটা পদক্ষেপে পাশে থাকবার জন্য। আমাদের প্রতি এই সহানুভূতি এবং বোঝাপড়াটা একইরকমভাবে বজায় রাখুন। যাতে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনটা আমরা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে পার করতে পারি।’
ইত্তেফাক/বিএএফ
