হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৩ নম্বর জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জলসুখা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বার এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের পর বিকেল সাড়ে ৪ টার দিকে ভোট গণনা চলছিল। এ সময় হঠাৎ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার শিখা ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি সামাল দিতে না পারায় সেখানে র্যাব ও বিজিবির টিম পৌঁছায়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় বেশ কিছু ব্যালট পেপার ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করা হয়।
প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বার বলেন, ‘একটা গ্রুপ কেন্দ্র দখলের চেষ্টা করে। এই সময় অন্য একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এই কেন্দ্রের ফল স্থগিত করা হয়েছে।’
