ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২২:১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ফ্ল্যাটে গ্যাসলাইনের ভয়াবহ বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনার আরও ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮জন ঢাকা মেডিকেলের বার্ন উইনিটে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মায়া রানী (৪০) ও মঙ্গলী রানী(৩৫)। তারা কেউ দুর্ঘটনাকবলীত বাড়ির নয়। এদের মধ্যে মায়া রানী পাশের বাড়ির ভাড়াটিয়া আর মঙ্গলী রানী পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার সময় বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও তিনটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার তিনটি বাড়ির তিনটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় মায়া রানী দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মায়া রানীর দুই মেয়ে বৃষ্টি (১৪), সৃষ্টি (১০) ও এক ছেলে নির্জয়সহ (৩) জুমা (২১), রুমা (১২), সোহেল (২৬),  তুলশি (৫০) ও দেড় বছরের শিশু বিশালী আহত হয়েছে। তাদের প্রত্যেককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বিস্ফোরণের সময় মঙ্গলী রানী তার মেয়ে পূর্ণিমাকে নিয়ে হচটে যাচ্ছিলেন। তখন বিস্ফোরণের দেয়ালের ইট উড়ে এসে তার উপড়ে পড়ে। গুরুতর আহত হয় মঙ্গলী এবং মাথায় ও পায়ে আঘাত পায় তার মেয়ে পূর্নীমা। তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলী রানী মারা যান এবং পূর্নীমাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস কোনো কক্ষে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বিস্ফোরণের ঘটনায় ১০সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি রকিবুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় দুই নারী নিহত হয়েছে। ৮জন ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও কয়েকজন আহত হয়েছে তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। বিষয়টির তদন্ত চলছে।  

ইত্তেফাক/ইআ