‘আগামী নির্বাচনে নির্বাচনে ১০ মার্ডার হলেও আমি কেন্দ্র ছাড়বো না’ 

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৯:৪৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০টি মার্ডার হলেও নির্বাচনী মাঠ ছাড়তে রাজি নন নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শিবপুরের ইটাখোলা গোল চত্বরে শিবপুর উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন বক্তব্য প্রদান করেন। 

আলোচনা সভায় মহিলা আওয়ামী লীগ, যুবলীগসহ উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামনে নির্বাচন আসবে, যদি সেই নির্বাচনে ১০টি মার্ডারও হয় আমি সিরাজুল ইসলাম মোল্লা মাঠ থেকে সরব না। আর আপনারা কেন্দ্র ছাড়বেন না। যত কিছু হোক না কেন। প্রশাসনের লোক বলেন আর দলীয় বলেন, সবকিছুই কিন্তু আল্লাহর রহমতে আমার পক্ষে মেনটেইন করা সম্ভব।’ 

সাবেক সাংসদের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমালোচনার ঝড় উঠেছে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে।  
  
শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর যুবলীগের সভাপতি তাজুল ইসলাম মোল্লা। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এছাড়া জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ ঘোষামী, ফকরুল ইসলাম মিতু, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনসহ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ ইআ