ডিএসইর লেনদেন কমে ৬শ’ কোটির ঘরে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ব্যাপক হারে। এক দিনের ব্যবধানে ২৮০ কোটি টাকার লেনদেন কমেছে। সূচক কিছুটা বাড়লেও বেশিরভাগ শেয়ারের দর কমেছে। অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই অবস্থা লক্ষ্য করা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৫টি কোমপানির ১২ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৪২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ৬১১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার। অর্থাত্ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ২৮০ কোটি টাকার।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৫৭৩৫ দশমিক ৯২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৯৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৩০৭ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, আলিফ ইন্ডা., রূপালি লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, সায়হাম টেক্স ও ড্রাগন সুয়েটার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো দুলামিয়া কটন, সমতা লেদার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড রোল্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, বিডি অটোকারস, প্রভাতী ইন্স্যুরেন্স, তসরীফা ইন্ডা. ও ফারইস্ট ফাইন্যান্স।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।