ইত্তেফাক রিপোর্ট
ওজনে কারচুপির মাধ্যমে ভোক্তাকে ঠকানো রোধে রাজধানী জুড়ে সম্প্রতি অভিযান শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে বেশকিছু প্রতিষ্ঠানে ওজনে কারচুপির প্রমাণ পেয়েছে। এ অভিযোগে ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে তিন হাজার ২শ’ পানির জার ধ্বংস করা হয়েছে।
অভিযুক্ত ১২টি প্রতিষ্ঠানের মধ্যে খদ্দর বাজার, বিবি শপিং কমপ্লেক্সের আশিক ফেব্রিক্স, মোল্লা ফেব্রিক্স, হাজী ফেব্রিক্স, যমুনা ফেব্রিক্স, টপ মার্ট, বিসমিল্লাহ বেডিং স্টোর ও মেঘনা ফেব্রিক্স এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকার সিটি ভবনের সৌদিয়া ক্লথ স্টোর, মৌসুমি ক্লথ স্টোর, সৌখিন ক্লথ স্টোর, সায়মন ক্লথ স্টোর ও চমক ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে কাঠের গজকাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এছাড়া পান্থপথ, গ্রীনরোড, রায়েরবাজার, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, দারুসসালাম, পীরেরবাগ, কাজীপাড়া এলাকায় বিএসটিআই’র আরেকটি আলাদা অভিযানে ৩ হাজার ২শ’ পানির জার ধ্বংসসহ ৪টি প্রতিষ্ঠানের উত্পাদন বন্ধ করা হয়।
